ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

হাঙ্গেরিতে গেলেই নেতানিয়াহুকে গ্রেফতারের আহ্বান এইচআরডব্লিউ’র

দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যদি হাঙ্গেরিতে পা রাখে, তাহলে তাকে গ্রেফতার করার জন্য দেশটির প্রতি আহ্বান জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। প্রতিবেদন মতে, হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের আমন্ত্রণে নেতানিয়াহু চলতি সপ্তাহে দেশটিতে সফরে যাবেন বলে জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। 

 

এর প্রেক্ষিতেই নিউইয়র্ক-ভিত্তিক অধিকার গোষ্ঠী এইচআরডব্লিউ মঙ্গলবার জানায়, ‘হাঙ্গেরির উচিত ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে প্রবেশে বাধা দেয়া অথবা তিনি দেশটিতে প্রবেশ করলে তাকে গ্রেফতার করা।’

 

গত নভেম্বরে, আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগে নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। 

 

এইচআরডব্লিউ বলছে, আইসিসির সদস্য দেশ হিসেবে, হাঙ্গেরি তার ভূখণ্ডে প্রবেশকারী যেকোনো সন্দেহভাজনকে গ্রেফতার এবং আত্মসমর্পণ নিশ্চিত করতে সহযোগিতা করতে বাধ্য। নিজস্ব পুলিশ বাহিনী ছাড়া, গ্রেফতারের ক্ষেত্রে সহায়তা করার জন্য দেশগুলোর ওপর নির্ভর করে আইসিসি।

 

এদিকে এইচআরডব্লিউ-এর আন্তর্জাতিক বিচার পরিচালক লিজ ইভনসন বলেছেন, ‘নেতানিয়াহুকে অরবানের আমন্ত্রণ গুরুতর অপরাধের শিকারদের প্রতি অবমাননা। আইসিসির সদস্য হিসেবে হাঙ্গেরির উচিত তার আইনি বাধ্যবাধকতা মেনে চলা এবং নেতানিয়াহু সেখানে পা রাখলে তাকে গ্রেফতার করা।’











সূত্র : রয়টার্স ও আনাদোলু।


ads
ads
ads

Our Facebook Page

↑